করোনা বিজ্ঞাপনে অনুমতি দিচ্ছে গুগল

৪ এপ্রিল, ২০২০ ১৩:৫১  
করোনাভাইরাস মহামারী নিয়ে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে সারা বিশ্ব। এর প্রভাব পড়ছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য আর অর্থনীতিতে। বাইরে নেই অনলাইনভিত্তিক বিজ্ঞাপন খাতও। বিজ্ঞাপনের নতুন নীতিমালা নিয়ে ইতোমধ্যে বিজ্ঞাপনী গ্রাহকদের কাছে একটি বিবৃতি পাঠিয়েছে গুগল। এতে বলা হয়, চলতি সপ্তাহ থেকে প্রতিষ্ঠানটি সরকারি সংস্থা, হাসপাতাল, চিকিৎসা সেবাদাতা আর বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে মানুষের কাছে করোনাভাইরাস সংক্রান্ত তথ্য প্রচারের সুযোগ করে দেবে– খবর বার্তাসংস্থা রয়টার্সের। গুগলের নির্বাচন খাতের প্রধান মার্ক বিটি এই বিবৃতি পাঠান। তিনি বলেন, “যাই হোক, করোনাভাইরাস বর্তমানে প্রতিদিনের আলোচনার একটি চলমান ও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।” গুগলের এক মুখপাত্র সংবাদমাধ্যমটিকে বলেন, তারা বিভিন্ন ব্র্যান্ড আর বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে করোভাইরাস সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করতে দেবে কিনা তাও বিবেচনা করছে।